জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় রক্তের ব্যাগ হাতে নিয়েই এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক শিক্ষার্থী—মো. ফাহিম তাজোয়ার। অসুস্থতা ও শারীরিক কষ্ট উপেক্ষা করে তার এ দৃঢ়তা এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, জুড়ী উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে ফাহিম তাজোয়ার। সে কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের ভাগিনা।
সম্প্রতি ফাহিমের একটি অপারেশন হয়। অপারেশনের পর ইনফেকশন দেখা দেওয়ায় তার শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। চিকিৎসকের পরামর্শে তাকে নিয়মিত রক্ত নিতে হচ্ছে। এমন পরিস্থিতিতেও সে পরীক্ষায় অংশ নেওয়া বন্ধ করেনি।
প্রতিদিন পরীক্ষার হলে এক হাতে রক্তের ব্যাগ রেখে অন্য হাতে কলম চালিয়ে পরীক্ষা দিচ্ছে ফাহিম। শারীরিক কষ্ট থাকা সত্ত্বেও তার এ অদম্য মনোবল ও শিক্ষার প্রতি দায়বদ্ধতা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
পরিবারের সদস্য ও শিক্ষকরা জানান, ফাহিমের এই সংগ্রাম শুধু ব্যক্তিগত নয়—এটি সকল শিক্ষার্থীর জন্য এক উদাহরণ হয়ে থাকবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
