প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া, জানাজায় মানুষের ঢল
এম এম সামছুল ইসলাম, জুড়ী:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ (৫৫) স্যার আর আমাদের মাঝে নেই। রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
পরে বিকেলে তাঁর মরদেহ জুড়ী উপজেলার এরালীগুল গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসা হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মানুষ গড়ার এই কারিগরকে শেষবারের মতো একনজর দেখতে তাঁর প্রিয়জন, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসেন। একপর্যায়ে বাড়ির উঠোনে তিল ধারণের ঠাঁই ছিল না।
প্রিয় শিক্ষককে একনজর দেখতে আসা মানুষের অনেকের চোখেই ছিল অশ্রু। শিক্ষার্থী, সহকর্মী শিক্ষক ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। আব্দুল হামিদ স্যারের প্রতি মানুষের এই ভালোবাসা ও শ্রদ্ধা যেন কবির সেই অমর পঙ্ক্তিকেই সত্য প্রমাণ করে—
“এমন জীবন তুমি করিবে গঠন,
মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।”
সত্যিই তাঁর জীবনে এর প্রতিফলন দেখতে পান তাঁকে শেষবারের মতো দেখতে আসা মানুষজন।
পরে সন্ধ্যায় বাদ মাগরিব তাঁর নিজ পঞ্চায়েতের মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লি ছুটে আসেন। একপর্যায়ে মসজিদের ভেতর-বাহির ও আঙিনায় স্থান সংকুলান না হওয়ায় অনেককে পাশের রাস্তা ও আশপাশের বাড়িতে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিতে দেখা যায়।
জানাজার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নয়াবাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ লিয়াকত আলী খান, লিলুয়া কলেজের প্রিন্সিপাল তাজুর রহমান, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মহিবুল হক, রাজনগর উপজেলা সভাপতি আবুল কালাম, বড়লেখা উপজেলা সভাপতি কায়দি আজম, জুড়ী উপজেলা সেক্রেটারি মহিবুর রহমান, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সেক্রেটারি মাসুক আহমদ, মাস্টার নুরুদ্দিন, মাওলানা আলতাফ হোসেনসহ আরও অনেকে।
পরে মরহুমের ছেলে ইমামতি করে জানাজার নামাজ পড়ান। জানাজা শেষে তাঁর মরদেহ ওই মসজিদের পাশে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুল হামিদ স্যারের ইন্তেকালে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মহান আল্লাহ তাআলা মরহুম আব্দুল হামিদ স্যারের জীবনের সকল নেক আমল কবুল করুন, তাঁকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করুন।আমিন।
