দেড় হাজার রোগীর চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত দেড় শতাধিক
কাওছার ইকবাল, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কানাডা প্রবাসীদের অর্থায়নে ও লেবু স্যার একাডেমির আয়োজনে ‘শিক্ষাগুরু চক্ষু শিবির ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সম্মাননা’ অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ আগস্ট, শনিবার শ্রীমঙ্গলের শতবর্ষের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃহৎ পরিসরে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এতে শ্রীমঙ্গল ও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক চক্ষু রোগী অংশ নেন।
শতবর্ষের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক মরহুম মোঃ আব্দুল মালিক (লেবু স্যার)-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গঠিত লেবু স্যার একাডেমির উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বিদ্যালয়ের শিক্ষক মরহুম মোঃ আব্দুল গফুর (গফুর স্যার)-এর সুযোগ্য সন্তান মুহাম্মদ আবদুল মুহিত। তিনি জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি হিসেবে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছেন।
‘শিক্ষাগুরু চক্ষু শিবির ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সম্মাননা’ অনুষ্ঠানটি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের আরেক স্বনামধন্য শিক্ষক মরহুম মোঃ আব্দুল গফুর (গফুর স্যার)-এর নামে উৎসর্গ করা হয়।
লেবু স্যারের কানাডাপ্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বিশেষ অতিথির বক্তব্য দেন যোসেফ দাশগুপ্ত যশো।
আয়োজকরা জানান, কানাডার টরন্টোপ্রবাসী খোকা পালের আন্তরিক সহযোগিতা ও তত্ত্বাবধানে চক্ষু শিবির এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠানের ব্যয়ভার বহন করেন মরহুম লেবু স্যারের কানাডাপ্রবাসী প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।
এ আয়োজনে আর্থিক সহায়তা প্রদান করেন শ্রীমঙ্গলের কানাডাপ্রবাসী প্রফেসর কল্যাণ সোম (ব্রাম্পটন), বিজয় ভূষণ দেব চৌধুরী (মন্ট্রিয়াল), বিজয় রায়, রজত পাল, প্রফেসর মানসলাল সোম ও খোকা পাল (টরন্টো), যোসেফ দাশগুপ্ত যশো (উইনিপেগ), অসীমাভ চৌধুরী তাপস (এডমন্টন), বিশু চৌধুরী ও ইন্দ্রজিত মিত্র (টরন্টো), বাপ্পি বিশ্বাস (মন্ট্রিয়াল), কাব্য পাল (ম্যানিটোবা), মি. ডন ও মিসেস ভালেরী।
অনুষ্ঠানের প্রচার ও প্রকাশনার সামগ্রিক ব্যয়ভার বহন করেন কানাডাপ্রবাসী যোসেফ দাশগুপ্ত যশো। অতিথি, স্বেচ্ছাসেবক ও রোগীদের আপ্যায়নের ব্যয়ভার বহন করেন ফ্রান্সপ্রবাসী প্রয়াত অনুপ বিশ্বাস (আবু)-এর পরিবারের সদস্যরা।
সম্মাননা পাওয়া শিক্ষকরা হলেন—আলহাজ্ব মাওলানা আল্লামা অধ্যক্ষ মোঃ আব্দুন নূর, বীরেন্দ্র চন্দ্র দেবনাথ, সুশান্ত কুমার দে (যীশু), দ্বীপেন্দ্র ভট্টাচার্য (দীপু), সিরাজুল ইসলাম কোরেশী, বেণুধর ভট্টাচার্য, নরেশ দাশ, প্রদীপ্ত কুমার নন্দী এবং মোঃ মনসুর ইকবাল।
তাদের প্রত্যেককে লেবু স্যার একাডেমির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শ্রীমঙ্গলের সর্ববয়োজ্যেষ্ঠ নাগরিক রামসিং গৌড়। তবে কর্দমাক্ত রাস্তা ও বার্ধক্যজনিত কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা আল্লামা অধ্যক্ষ মোঃ আব্দুন নূর। তাকেও সম্মাননা ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
চক্ষু শিবিরে প্রায় দেড় হাজার রোগীর চক্ষু পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়া দেড় শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
ছানি অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের বাসযোগে মৌলভীবাজারের মাতারকাপন এলাকার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে তাদের আবার বাসযোগে শ্রীমঙ্গলে পৌঁছে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি সুবিধাবঞ্চিত ও অসহায় চক্ষু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
