শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২২ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা তাজ উদ্দিন তাজুর অব্যাহতির সিদ্ধান্তকে ‘অন্যায় ও একপেশে’ আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার দাবি জানান। তাঁদের দাবি, তাজ উদ্দিন তাজু দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
বক্তারা দাবি করেন, ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা হয়েছে এবং তিনি প্রায় ৭২০ দিন কারাবরণ করেছেন। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট সফরকালে হামলায় তিনি গুরুতর আহত হয়ে ডান পা ভেঙে ফেলেন বলেও তাঁরা উল্লেখ করেন।
সমাবেশে নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যাঁরা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের তৃণমূলের মতামত উপেক্ষা করে পদ থেকে সরিয়ে দেওয়া হলে দলের অভ্যন্তরীণ ঐক্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
সমাবেশ থেকে অবিলম্বে তাজ উদ্দিন তাজুর অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহালের দাবি জানানো হয়। দাবি মেনে না নেওয়া হলে আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
