নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে সুপারি গাছ লাগানো নিয়ে বাকবিতণ্ডার জেরে হাসানুর শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর আপন চাচাতো ভাই এবং তাঁর ছেলে-মেয়েদের বিরুদ্ধে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের ছাত্তার শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে হাসানুর শেখের স্ত্রী বাড়ির পাশে লাগানো সুপারি গাছে পানি দিতে যান। এ সময় তাঁর চাচাতো ভাসুর হাসদেল শেখ তাঁর জমিতে ছায়া পড়বে বলে আপত্তি জানান। একপর্যায়ে হাসানুর শেখ এগিয়ে এলে তাঁর সঙ্গেও হাসদেল শেখের তর্কাতর্কি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে হাসদেলের ছেলে মামুন শেখ, আরমান শেখ ও মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুরকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্তরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
