নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মাহবুবুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহবুবুর নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।
এর আগে, এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট বিকেলে ভুক্তভোগী শিশুটির (৮) মা সন্তানের খোঁজ নিতে মাদরাসায় আসেন। তখন শিশুটি জানায়, গত ২৭ আগস্ট রাতে শিক্ষক মাহবুবুর রহমান তাকে বলাৎকার করেন। বিষয়টি ওই শিশুর মা অন্য এক শিক্ষকের নজরে আনলে, তিনি শিশুর কাছে জানতে চান। তখন শিশুটি ঘটনার বিস্তারিত বিবরণ দেয়।
পরবর্তীতে মাদরাসার আরও পাঁচ শিশু শিক্ষার্থী অভিযোগ করে যে, গত কয়েক দিনে শিক্ষক মাহবুবুর রহমান তাদের ওপরও একইভাবে যৌন নির্যাতন চালিয়েছেন। ঘটনা জানাজানি হলে ২৮ আগস্ট অভিযুক্ত শিক্ষক মাদরাসা থেকে পালিয়ে যান। ২০০০ সালে প্রতিষ্ঠিত ১৪ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষকের এই মাদরাসাটিতে মোট ছয়জন শিক্ষার্থী এই নির্যাতনের শিকার হয়েছে বলে জানা গেছে।
নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু জানান, ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমানকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।