নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: শ্রীমঙ্গলে সরকারের যুগান্তকারী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ ও সফল বাস্তবায়ন লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম শাহীন এবং বিএনপির উপজেলা আহবায়ক নুরে আলম সিদ্দিকীসহ দলের অন্যান্য নেতা ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। এ সময় বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জানানো হয়, নারীর ক্ষমতায়ন, অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে সামাজিক ন্যায় অর্জনের লক্ষ্যে সরকার পরিবার প্রধান নারীর নামে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করছে।
আজ ১২ অক্টোবর ২০২৬ তারিখ হতে দেশব্যাপী একযোগে সকল এলাকার খানা/পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহের জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে এবং সারা দেশে ৬৬,৮১৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬,৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন। উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীগণ মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সরজমিনে তথ্য সংগ্রহ করছেন।
বিশেষভাবে উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলার তিনটি ইউনিয়নের নির্দিষ্ট ওয়ার্ড দিয়ে প্রাথমিক পর্যায়ে এ কার্যক্রম শুরু হচ্ছে—যার মধ্যে রয়েছে সিন্দুরখান ইউনিয়নের ১নং ওয়ার্ড, আশীদ্রোন ইউনিয়নের ১নং ওয়ার্ড এবং কালাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য সকল এলাকায় কার্যক্রম শুরু হবে বলে সভায় আশ্বস্ত করা হয়েছে।
কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বর ২০২৬-এর মধ্যে দেশব্যাপী আনুমানিক ৪.৪৫ কোটি পরিবারের তথ্য সংগ্রহ সম্পন্ন করা হবে। এ পদ্ধতিতে পিএমটি (PMT) স্কোরের ভিত্তিতে যোগ্য পরিবার নির্বাচন করে ডুয়েল চিপ, কিউআর কোড ও এনএফসি (NFC) সুবিধা সংবলিত ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে, যার মাধ্যমে ব্যাংকের এটিএম বুথ, পস (POS) মেশিন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) থেকে ভাতা উত্তোলন করা যাবে।
মতবিনিময় সভায় বক্তারা ফ্যামিলি কার্ড কর্মসূচির সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরা এবং মাঠপর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
