অনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ): যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী আইন শিক্ষাপ্রতিষ্ঠান Lincoln’s Inn থেকে ‘Call to the Bar’ সম্পন্ন করে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ছাতক (পামস্যাক)-এর উপদেষ্টা ও সাবেক ছাত্রদল নেতা আব্দুর রকিব। তিনি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বিলপাড় গ্রামের কৃতি সন্তান।
তাঁর এই অভাবনীয় সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে পামস্যাক পরিবার। একই সঙ্গে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
পামস্যাক পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ব্যারিস্টার আব্দুর রকিবের এই অর্জন ছাতকবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এটি তাঁর ব্যক্তিগত মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফল। তাঁর এই অর্জন ছাতকের শিক্ষার্থী, উচ্চশিক্ষায় আগ্রহী তরুণ সমাজ এবং আইন পেশায় আসতে ইচ্ছুক অনুজদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
পামস্যাক পরিবার মনে করে, একজন শিক্ষিত ও দক্ষ পেশাজীবীর সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং তা সমাজের অন্য তরুণদেরও নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। ছাতকের মতো শিল্পনগরী থেকে আন্তর্জাতিক মানের এই সাফল্য তরুণ প্রজন্মকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, ব্যারিস্টার আব্দুর রকিব তাঁর মেধা, সততা ও পেশাগত দক্ষতার মাধ্যমে আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সমুন্নত রাখা এবং দেশ ও সাধারণ মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাবেন।
ব্যারিস্টার আব্দুর রকিবের এই গৌরবময় অর্জনে ছাতকের সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গন থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। এক অভিনন্দন বার্তায় তাঁর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন ছাতক প্রেস ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, জাতীয়তাবাদী বাউল দল, লেখক ফোরাম এবং কাব্যকথা সাহিত্য পরিষদের কেন্দ্রিয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ছাতক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আনোয়ার হোসেন রনি এবং সাংবাদিক নাজমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ছাতক (পামস্যাক) দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক মূল্যবোধ বিকাশে কাজ করে আসছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
