সিলেট প্রতিনিধি: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফল করার লক্ষ্যে নগরীতে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের মধ্যে সম্মেলনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং সর্বস্তরের শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বানে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রচার মিছিলটি নগরীর জালালাবাদ পার্কের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সভা পরিচালনা করেন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ইমান আলী।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আনু মিয়া, কার্যকরী কমিটির সভাপতি মো. ছাদেক মিয়া, প্রচার সম্পাদক রাশেদ আহমদ ভূইয়া, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি আবজাল হোসেন বোরহান, ১১তম সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সুনু মিয়া সাগর ও আবুল কালাম, শাহপরান থানা কমিটির সহ-সভাপতি আলিম উদ্দিন, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক মো. নাঈমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, হোটেল-রেস্তোরাঁ খাতে কর্মরত শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও আইনানুগ সুযোগ-সুবিধা প্রতিষ্ঠার জন্য সংগঠনকে আরও সুসংহত ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়েই তাদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা কম মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ, দীর্ঘ কর্মঘণ্টা এবং শ্রম আইনে স্বীকৃত বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। এসব সমস্যা মোকাবিলায় শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়া এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে মীর মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফল করতে নগরীর সর্বস্তরের হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। তিনি শ্রমিকদের নিজ নিজ কর্মস্থল থেকে সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি সম্মেলনকে ঐক্যবদ্ধভাবে সফল ও সার্থক করার প্রত্যয় ব্যক্ত করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, বিকেল ৩টা ৩০ মিনিটে ২ নম্বর বার লাইব্রেরি হল, সিলেট জেলা আইনজীবী সমিতি, জজ কোর্ট, সিলেটে অনুষ্ঠিত হবে।
