বেনাপোল প্রতিনিধি: বেনাপোল থেকে ঢাকাসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে কাউন্টারে এসে বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ভারতফেরত যাত্রীরা। বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে ফিরতে গিয়ে তাদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে সব পরিবহনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সরাসরি ঢাকা-কলকাতা রুটের বাসগুলো কলকাতা থেকে আসার পর বেনাপোল ছেড়েছে বলে কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার ভোররাত থেকে মুষলধারে বৃষ্টির পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির খবর আগেভাগেই জানার কারণে ভারতফেরত যাত্রীর সংখ্যা অনেকটাই কম। যারা নিতান্তই জরুরি প্রয়োজনে ফিরছেন, তারা লোকাল বাস কিংবা ট্রেনে করে যাওয়ার পরিকল্পনা করছেন বলে কাউন্টার সূত্রগুলো নিশ্চিত করেছে।
শ্যামলী এন আর পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কারণে সরাসরি কলকাতা-ঢাকা রুটের বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস গতকাল থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বুধবার কলকাতা থেকে ছেড়ে আসা দুটি বাস বেনাপোল হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ভারতফেরত যাত্রীদের অনেকেই সেই বাসে ঢাকায় গেছেন। আজ বৃহস্পতিবার কলকাতা থেকে ৪টি বাস আসবে। ভারত থেকে আসা অন্যান্য যাত্রীরাও সেই বাসে গন্তব্যে যাওয়ার জন্য কাউন্টারে অপেক্ষা করছেন। সরাসরি কলকাতা-ঢাকা বাস ছাড়া বৃহস্পতিবারও বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে আর কোনো বাস ছেড়ে যায়নি।’
রয়েল কোচ পরিবহনের বেনাপোল কাউন্টার ম্যানেজার মুকুল হোসেন বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হওয়ায় বাস ছাড়া যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই পুনরায় বাস চলাচল শুরু হবে।’
কাউন্টার ম্যানেজাররা জানান, বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভ্যন্তরীণ বা লোকাল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কাউন্টার কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বিকল্প রুটে বরিশালগামী বাসগুলো ছেড়ে যাচ্ছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
