নিজস্ব প্রতিবেদক, জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামে দোকান খুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফখরুল ইসলাম নামের এক স্থানীয় ব্যবসায়ী। এ সময় হেলমেট দিয়ে আঘাত করে তাঁর নাক ফাটিয়ে দেওয়ার পাশাপাশি দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বড়ধামাই গ্রামে ফখরুল ইসলামের বাড়িসংলগ্ন দোকানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
অভিযুক্ত সিদ্দিকুর রহমান সুমন (৩৫) সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং তিনি জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে নিজের দোকান খোলেন ব্যবসায়ী ফখরুল ইসলাম। এ সময় ধামাই চা-বাগানের দিক থেকে আসা সিদ্দিকুর রহমান সুমন ও তাঁর এক অজ্ঞাত সহযোগী দোকানে আসেন। সিগারেট কেনাকে কেন্দ্র করে দোকানদারের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন তাঁর মাথায় থাকা হেলমেট দিয়ে ফখরুল ইসলামের নাকে সজোরে আঘাত করেন, এতে তাঁর নাক ফেটে রক্তাক্ত জখম হয়।
হামলার সময় দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে হামলাকারীরা পালিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও তাঁর পরিবার। পরে স্থানীয় লোকজন আহত ফখরুল ইসলামকে উদ্ধার করে দ্রুত জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে জুড়ী থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভোরে সিগারেট কিনতে আসা দুই যুবকের সঙ্গে কথা কাটাকাটির জেরে দোকানমালিক ফখরুল ইসলামকে হেলমেট দিয়ে আঘাত করা হয়, যার ফলে তাঁর নাক ফেটে জখম হয়। এ ছাড়া দোকান ভাঙচুর ও মালামাল এলোমেলো করে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় বাদীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
