মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকায় মো. হাবিবুর রহমান নামের এক রিকশা শ্রমিককে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন। বুধবার (১৮ নভেম্বর) এক যুক্ত বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. সোহেল মিয়া ও সাধারণ সম্পাদক দুলাল মিয়া অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সড়কে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
পুলিশ ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর রাতে যাত্রী সেজে দুই দুর্বৃত্ত হাবিবুরের রিকশায় ওঠে। রাত ১২টার দিকে কালেঙ্গা রোডের সোনাপুর এলাকার নির্জন স্থানে নিয়ে তাকে হত্যা করে রিকশার ব্যাটারিসহ যন্ত্রাংশ খুলে নিয়ে যায় তারা। এ ঘটনায় পরদিন পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে।
নিহত হাবিবুর শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের মো. সাফিক মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজার শহরের শিমুলতলায় বসবাস করতেন এবং সম্প্রতি কিস্তিতে একটি রিকশা কিনে জীবিকা নির্বাহ করছিলেন। বুধবার দুপুরে সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাদ আসর জানাজা শেষে মোকামবাজারস্থ গোরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
