শ্রীমঙ্গল ও কমলগঞ্জের নেতাদের আগের সাংগঠনিক পদে পুনর্বহাল
মৌলভীবাজার প্রতিনিধি: দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় সাংগঠনিক পদে ফিরছেন মৌলভীবাজার জেলা যুবদলের ১০ নেতা। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আগের পদে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু। এ ছাড়া কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমেদসহ সংগঠনটির আরও ছয় নেতা রয়েছেন। তাঁরা হলেন—যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, গোলাম রাব্বী, আছনাজ চৌধুরী ইমন, মো. জিয়া উদ্দিন চৌধুরী, ইজ্জাদুর রহমান ও সদস্য সিপার আহমদ।
অন্যদিকে, কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রোবেল ও আব্দুল রোবেল ভূঁইয়ার বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পূর্বের সাংগঠনিক পদে পুনর্বহাল করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
