নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মো. ইসমাইল হোসেন সহসভাপতি এবং মো. কামরুজ্জামান রুমেল সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড চত্বর থেকে নবীনদলের নেতা-কর্মীরা মিছিলটি বের করেন। শ্রীমঙ্গল পৌর ও উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মৌলভীবাজার শাখার নেতাকর্মীরাও অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনায় গিয়ে শেষ হয়।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে নবীনদলের নবনির্বাচিত কেন্দ্রীয় সহসভাপতি মো. ইসমাইল হোসেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ইসমাইল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে নবীনদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের সেবায় কাজ করার আহ্বান জানান।
অন্যদিকে, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মো. কামরুজ্জামান রুমেলও দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
আনন্দ মিছিলে নবীনদলের শ্রীমঙ্গল পৌর ও উপজেলা শাখার পাশাপাশি মৌলভীবাজার শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
