বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দেশে ফিরেছেন আট বাংলাদেশি। শুক্রবার (২৭ নভেম্বর) ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।
ফেরত আসা ব্যক্তিরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ ও মানবাধিকার সংগঠনের কর্মীরা জানান, ফেরত আসা ব্যক্তিরা দরিদ্র পরিবারের সদস্য। জীবিকার সন্ধানে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্তপথে ভারতে যান তাঁরা। পরে ভারতের দমদম ও তামিলনাড়ু এলাকায় বিভিন্ন ধরনের কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তামিলনাড়ু ও কলকাতার দমদম পুলিশ তাঁদের আটক করে। এরপর আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ভারত থেকে ফেরত আসা আট বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বেনাপোল পোর্ট থানা থেকে তাঁদের গ্রহণ করে রাতেই সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
