নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও বিএনপি নেতা হুমায়ুন কবিরের বাসার সামনের ফটকে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ভোর ৪টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা।
স্থানীয় বাসিন্দা ও সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্রে জানা গেছে, নগরীর দাড়িয়াপাড়ার একটি গলির ভেতরে অবস্থিত বাসাটিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন এবং প্রতিমন্ত্রী সিলেটে এলে সেখানেই অবস্থান করেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে তাঁর সিলেট সফরের কর্মসূচি নির্ধারিত ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাসায় পেট্রলবোমা নিক্ষেপের খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি নাকচ করে দিয়েছে পুলিশ। এসএমপির উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন গণমাধ্যমকে জানান, রাত ৩টা থেকে ৪টার মধ্যে দুর্বৃত্তরা কেরোসিন মিশ্রিত কাপড় বা পলিথিন সদৃশ বস্তুতে আগুন ধরিয়ে গলির প্রবেশপথের গেটের সঙ্গে ঝুলিয়ে দেয়। আগুন ছড়িয়ে না পড়ায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
ঘটনার প্রতিবাদ জানিয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “এখানে ঘরের ভেতরে কেউ প্রবেশ করেনি। যাওয়ার সময় কেউ কিছু একটা ছুড়ে ফেলে চলে গেছে। এরা ছিঁচকে চোরের মতো, এদের কোনো সাহস নেই। এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রগতি ঠেকানো যাবে না।”
এদিকে, সিলেটে প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলীয় সমাবেশ থেকেও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
