ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ছালেক আহমদ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
উদ্ধার করা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ শরীফুল আলম ও এএসআই ইমাম আহাদের নেতৃত্বে পুলিশের একটি দল কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামের জনৈক সেলিমের বসতঘরের বারান্দায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ছালেক আহমদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছালেক আহমদ ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে।
তাবলীগ জামাতের কর্মী পরিচয়ের আড়ালে মাদক ব্যবসা:
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট ও নতুন গোবিন্দগঞ্জ বাজার মুখ এলাকায় ছালেকের নেতৃত্বে ইয়াবা ও গাঁজার কারবার চলত। সব সময় সাদা পাঞ্জাবি ও মাথায় টুপি পরিহিত অবস্থায় চলাফেরা করায় এবং তাবলীগ জামাতের কর্মী পরিচয় দেওয়ায় এলাকায় তিনি ‘তবলীগওয়ালা মুল্লা’ হিসেবে পরিচিত ছিলেন। এই ধর্মীয় পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এমনকি তাঁর বাসার ওপর তলার একটি কক্ষে দিন-রাত মাদকসেবীদের আড্ডা বসত বলেও দাবি করেন স্থানীয়রা।
এ ঘটনায় এসআই মুহাম্মদ শরীফুল আলম বাদী হয়ে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ছাতক থানার ওসি মো. কামাল হোসেন, পিপিএম জানান, গত সোমবার (২ নভেম্বর) সকালে গ্রেপ্তার ছালেক আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
