শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগমের অবসরকালীন বিদায় সংবর্ধনা গত ৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-অভিভাবক কমিটি (পিটিএ) এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহবায়ক মো. নূরুল আলম সিদ্দিকী।
বিদ্যালয়ের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর এস.এম. ফয়সল হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি গৌরাঙ্গ বনিক, শ্রীমঙ্গল পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মীর এম.এ. সালাম এবং শাপলাবাগের বিশিষ্ট ব্যবসায়ী অসীম মজুমদার।
অনুষ্ঠানের বক্তারা প্রধান শিক্ষক নাজমা বেগমের বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা বিস্তারে তাঁর ঐকান্তিক অবদান এবং বিদ্যালয়ের উন্নয়নে তাঁর সুদূরপ্রসারী ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁরা বলেন, একজন আদর্শ শিক্ষক ও সফল প্রশাসক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির মানোন্নয়নে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই শূন্যতা দীর্ঘদিন অনুভূত হবে।
আলোচনা সভা শেষে বিদায়ী প্রধান শিক্ষককে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
