মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে শাকিল, শরিফুল ও আজিজুল নামের তিন চুক্তিভিত্তিক কর্মীর বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, জেলার সোনাপুর এলাকায় এক প্রবাসী পরিবারের বাসায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রায় ৮০ হাজার টাকা নেওয়া হয়।
ঘটনার পর ভুক্তভোগী পক্ষ বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও থানা পুলিশকে অবহিত করে বলে জানা গেছে।
জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করা হয়। পরবর্তীতে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয় এবং অভিযোগকারী পক্ষকে অর্থ ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
অভিযুক্তদের বক্তব্যে ভিন্নতা লক্ষ্য করা গেছে—শাকিলের দাবি, বিষয়টি শরিফুলের মাধ্যমে হয়েছে,শরিফুল বলেন, বিষয়টি বিভাগীয়ভাবে সমাধান করা হয়েছে,আজিজুল নিজেকে নির্দোষ দাবি করেছেন
অভিযোগকারী পক্ষের সঙ্গে থাকা এক ব্যক্তি জানান, আলোচনার মাধ্যমে টাকা ফেরত দেওয়া হয়েছে এবং অতিরিক্ত অর্থ জরিমানা হিসেবে নির্ধারণ করা হয়েছে বলে তারা জেনেছেন।
এদিকে সচেতন মহল বলছে, নির্ধারিত ফি’র তুলনায় বেশি অর্থ আদায়ের অভিযোগ নতুন নয় এবং এ বিষয়ে স্বচ্ছ তদন্ত প্রয়োজন।
সম্পাদকীয় নোট: সংবাদটি প্রাথমিক অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।
