নিজস্ব প্রতিবেদক: দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পরিপ্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ও ১০১ শয্যায় উন্নীত করা হবে বলে জানা গেছে।
বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে স্বাস্থ্য অধিদপ্তরাধীন দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তর (PWD) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিদর্শন দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহ পরিদর্শন করবে।
এ সময় সংশ্লিষ্ট সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পরিদর্শন টিমকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা চাহিদা পূরণের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১০১ শয্যায় উন্নীত হলে গ্রামীণ জনগোষ্ঠী আরও উন্নত ও বিস্তৃত স্বাস্থ্যসেবা পাবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেশের সকল সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
