শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খেজুরীছড়া চা বাগানে ছড়ায় গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২ জুন) দুপুর প্রায় ১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে খেজুরীছড়া এলাকার একটি ছড়ায় নামে রুদ্র তাঁতী (১৩)। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয় এলাকাবাসী, স্বজন ও বাগান শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় ছড়ার পানির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত রুদ্র খেজুরীছড়া চা বাগানের বাসিন্দা কমল তাঁতীর ছেলে। কমল তাঁতী পেশায় একজন ট্রাক্টরচালক। রুদ্র শ্রীমঙ্গল রানার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রুদ্রর বাবা কমল তাঁতী বলেন, “কীভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না। ধারণা করা হচ্ছে, পানির নিচের বালিতে আটকে গিয়ে সে আর উঠতে পারেনি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, রুদ্র তার বন্ধুদের সঙ্গে ছড়ায় গোসল করতে নেমেছিল। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে বাগানের লোকজন, স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে ব্যাপক অনুসন্ধান চালান। দীর্ঘ সময় পর ছড়ার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
একটি প্রাণবন্ত কিশোরের এমন অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মাঝেও বিরাজ করছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে খেজুরীছড়া চা বাগানের পরিবেশ।
স্থানীয়রা ছড়া, খাল ও জলাশয়ে শিশু-কিশোরদের গোসল ও সাঁতারের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
