হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজ তরান্বিত করতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাইট নির্বাচন ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভাটি অনুষ্ঠিত হয় হবিগঞ্জ জেলার জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ-এর সংসদ কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন তিনি নিজেই।
সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. আমান উল্লাহ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়-এর ভিসি ড. সায়েম উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হবিগঞ্জ মেডিকেল কলেজ-এর অধ্যক্ষ ডা. জিলুল বারী জাবেদ, ডা. কামরুল হাসান তরফদার ও আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বক্তারা দ্রুত সাইট নির্বাচন ও ভূমি অধিগ্রহণ সম্পন্ন করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজ শুরু করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এই দুটি প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়িত হলে হবিগঞ্জসহ আশপাশের জেলার শিক্ষা ও স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে।
সভায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
