শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুই দিন পর মোঃ জোনায়েদ মিয়া (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জোনায়েদ মিয়া উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের প্রবাসী মোঃ রমিজ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে থেকে সে নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে আজ রোববার (২৯ মার্চ) নিজ গ্রামের পূর্ব বাদালিশা এলাকার একটি দিঘির পাশের পতিত জমি (কামার পাড়ার হাওরের পাশে) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত এ ব্যাপারে কোন জিডি করা হয়েছে কিনা তাৎক্ষণিক জানা যায়নি।
এদিকে, স্থানীয়দের দাবি—জোনায়েদকে নিখোঁজ নয়, বরং অপহরণ করা হয়েছিল। তারা অভিযোগ করেন, তাকে হত্যা করার পর মরদেহ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে।
ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।
