নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল,মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন দলটির নেতারা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনা এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রুবেল আহমেদ এবং শ্রীমঙ্গল পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের।
বক্তব্যে আব্দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, দলীয়ভাবে তাঁদের যথাযথ মূল্যায়ন করতে হবে। দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের অবদানের স্বীকৃতি দেওয়া জরুরি। প্রতিকূল পরিস্থিতিতেও যারা সংগঠনের পাশে ছিলেন, তাঁদের মূল্যায়নের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।
আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজির উদ্দিন।
এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।