রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম। এই ভয়াবহ পরিস্থিতিতে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে বন্যার পানিতে ডুবে মোঃ আশরাফ আলী (৭০) (স্থানীয়ভাবে আশই মিয়া নামে পরিচিত) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে রাজনগরের আকুয়া এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধের একটি বড় অংশ আকস্মিক ভেঙে যায়। বাঁধ ভাঙার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক দেখা দেয় এবং তীব্র স্রোতে মুহূর্তের মধ্যে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে আশরাফ আলীর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। কিন্তু হুড়োহুড়ি ও অন্ধকারের মধ্যে ঘরেই আটকা পড়ে নিখোঁজ হন বৃদ্ধ আশরাফ আলী।
আজ শুক্রবার সকালে বন্যার পানি কিছুটা কমলে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে আসেন এবং ঘরের ভেতর তার মরদেহ ভাসতে দেখেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে স্বজন ও স্থানীয়রা তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন।
টেংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আকস্মিকভাবে বাঁধ ভেঙে পানি ঢোকায় রাতেই বন্যার পানিতে তলিয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
বাঁধ ভেঙে আকুয়া গ্রামসহ উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজারো মানুষ। আকস্মিক এই বন্যায় বৃদ্ধের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
