মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে মধ্যরাতে যাত্রীবেশে একটি সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা চালকের হাত-পা বেঁধে রাস্তার পাশের পানিতে ফেলে দিয়ে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী সিএনজি চালকের নাম ওয়াহিদ। তিনি রাজনগর উপজেলার মহলাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট সিএনজি স্ট্যান্ড থেকে কয়েকজন ব্যক্তি রাজনগর উপজেলার হলদিপুর যাওয়ার কথা বলে ওয়াহিদের সিএনজি ভাড়া নেয়। গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার পর নির্জন এলাকায় পৌঁছালে যাত্রীবেশী দুর্বৃত্তরা চালককে জিম্মি করে ফেলে।
একপর্যায়ে তারা ওয়াহিদের হাত-পা শক্ত করে বেঁধে রাস্তার পাশের পানিতে ফেলে দেয় এবং তার সিএনজি চালিত অটোরিকশাটি ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন পানিতে হাত-পা বাঁধা অবস্থায় ওয়াহিদকে ছটফট করতে দেখে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশার নম্বর থ-১৩-১৩২৩ বলে জানা গেছে। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার ও সহকর্মীরা সিএনজিটির সন্ধান পেতে জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। কেউ গাড়িটির সন্ধান পেলে ০১৩০৬-৯০৯৪০১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মধ্যরাতের এই নৃশংস ছিনতাইয়ের ঘটনায় সিএনজি চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধারের দাবি জানিয়েছেন।
