প্রত্যন্ত অঞ্চলের অলাভজনক হাসপাতালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ; উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল পরিদর্শন করেছেন স্কটল্যান্ডে বাংলাদেশের সম্মানীয় কাউন্সিলর জেনারেল ও ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই)-এর চেয়ারম্যান ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই, ডিবিএ, ডিলিট। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের উন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী হাসপাতালে পৌঁছালে হাসপাতাল কমিটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাসপাতালের দাতা সদস্য ও স্কটল্যান্ড প্রবাসী ব্যবসায়ী আইনজীবী মিয়া মোস্তফা, গ্রেটার ইংল্যান্ড লেবার পার্টির সেক্রেটারি সৈয়দ বাশার এবং হাফেজ নাজমুল ইসলাম।
ড. ওয়ালী তছর উদ্দিন হাসপাতালের বহির্বিভাগ, চিকিৎসাসেবা, ডায়াগনস্টিক বিভাগ, ব্যবস্থাপনা, আলহাজ ফজলুল হক ফ্লোর, হাসপাতাল উদ্যান এবং নির্মাণাধীন আলেয়া জামান মসজিদ পরিদর্শন করেন।
পরে হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে অলাভজনক একটি হাসপাতাল পরিচালনা করা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। হাসপাতালের ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, সরকারি ও বেসরকারিভাবে কীভাবে হাসপাতালকে আরও সহযোগিতা করা যায়, সে বিষয়ে তিনি উদ্যোগ নেবেন।
সৈয়দ বাশার হাসপাতালের পরিবেশ ও সেবার প্রশংসা করে ভবিষ্যতে বন্ধু ও ব্যবসায়ীদের নিয়ে হাসপাতাল পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন এবং হাসপাতালের বিভিন্ন তহবিলে সহযোগিতার আশ্বাস দেন।
মিয়া মোস্তফা বলেন, ড. ওয়ালী তছর উদ্দিনের বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে শমশেরনগর হাসপাতালের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে হাসপাতাল কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সহিদ, সদস্য সচিব অধ্যাপক আব্দুস সালাম, মিডিয়া ও প্রচারবিষয়ক সম্পাদক (বাংলাদেশ) কবি সালেহ আহমদ (স’লিপক), চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শমশেরনগর হাসপাতালের পরিকল্পনার প্রাথমিক পর্যায় থেকেই ড. ওয়ালী তছর উদ্দিন এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রায় পাঁচ বছর পর তাঁর এই পরিদর্শনে হাসপাতাল কমিটি সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে তাঁর সহযোগিতায় হাসপাতালের উন্নয়ন আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করে।
