চিন্ময় দাশ, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শাল্লা উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারের সামনে আয়োজিত এ সভায় উপজেলার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় আড়াই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শশারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামলাল সরকার। যৌথভাবে সঞ্চালনা করেন পোড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন তালুকদার এবং শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী রাণী তালুকদার।
সভায় বক্তব্য দেন নতুন শিক্ষক সমিতি গঠনের আয়োজক কমিটির আহ্বায়ক ও জাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদী তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উজানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, দক্ষিণ মামুদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিংকন রায়, চবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক সোহাগ এবং আমন্ত্রিত অতিথি হিসেবে দামপুর মাদ্রাসার সহকারী শিক্ষক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম।
বক্তারা বলেন, নতুন শিক্ষক সমিতি বৈষম্যহীন, স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিবেশে পরিচালিত হবে। শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, ঐক্য সুদৃঢ় করা এবং ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে।
সভায় উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে হাত তুলে নতুন কমিটি অনুমোদন করা হয়। পরে ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হলে উপস্থিত শিক্ষকরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন লক্ষীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ সরকার খোকন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাক আহমেদ।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন উজান যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত বরণ তালুকদার, ইয়ারাবাদ (শাল্লা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধন লাল দাস এবং মেধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চৌধুরী।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লিংকন রায়, সাংগঠনিক সম্পাদক সীমান্ত তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক উষা রানী দাশ, অর্থ সম্পাদক রুবেল তালুকদার এবং সহ-অর্থ সম্পাদক প্রনতি রানী দাস।
সভায় জানানো হয়, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে পরবর্তীতে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
