শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: সীমান্ত এলাকায় ভারতীয় পুশইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ বৈঠকের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, সিন্দুরখান বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বৈঠকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং মাদকের প্রবেশ রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সীমান্ত এলাকার বাসিন্দাদের সচেতনতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত সহযোগিতা ছাড়া এসব অপরাধমূলক কর্মকাণ্ড কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব নয়।
এ সময় উপস্থিত জনগণকে সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যক্রম সম্পর্কে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসন, বিজিবি, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্তে পুশইন এবং মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ করা সম্ভব হবে।
